উত্তরাঞ্চল ও সিলেটে শক্তিশালী বৃষ্টি বলয়ের পূর্বাভাস, তীব্র বজ্রপাতের আশঙ্কা

ঢাকা, ৯ মে – দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী বৃষ্টি বলয়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
সংস্থাটির তথ্য অনুযায়ী এই বিশেষ আবহাওয়াহ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটি টানা না হয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে।
বিডব্লিউওটি জানিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
অন্যদিকে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে তবে বড় এলাকা জুড়ে দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম।
দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে তবে বিচ্ছিন্নভাবে দু একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।
এনএন/ ৯ মে ২০২৬









