মোহাম্মদপুরে ৯ হত্যা: তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

ঢাকা, ১০ মে – জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন করা হলে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে।
এর আগে গত ৭ মে আদেশের দিন নির্ধারিত থাকলেও আদালত তা পিছিয়ে আজকের দিন ধার্য করেন।
এই মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
গত ২৬ এপ্রিল প্রসিকিউশন ও আসামিপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে। শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ এবং প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন।
প্রসিকিউশন পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপসের ফোনালাপ এবং অন্যান্য আসামিদের উপস্থিতির ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে পেশ করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন।
আইনজীবী সিফাত মাহমুদ শুভ দাবি করেন যে এই ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। মামলায় অভিযোগ করা হয়েছে যে আসামিদের উসকানি ও প্ররোচনায় মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন।
এনএন/ ১০ মে ২০২৬









