দক্ষিণ এশিয়া

বঙ্গোপসাগরে ১০ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে ভারত

নয়াদিল্লি, ৮ মে – বঙ্গোপসাগরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ১০ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। এ লক্ষ্যে আগামী ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পক্ষ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি করা হয়েছে।

ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। সাধারণত এই দ্বীপটি থেকেই নয়াদিল্লি তাদের গুরুত্বপূর্ণ ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা সম্পন্ন করে থাকে।

সংশ্লিষ্টদের মতে, আকাশসীমায় দীর্ঘ এলাকার এই বিধিনিষেধ এবং নোটাম জারির বিষয়টি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার প্রধান সমির ভি কামাথ সম্প্রতি জানিয়েছিলেন যে তারা অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তার এই বক্তব্যের পরপরই এই নোটাম জারির বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এদিকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জোরালো আভাস দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয় যে অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রটি এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত এবং এটি ভারতের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে পৌঁছাবে বলেও দাবি করা হয়। শক্তিশালী ও নিরাপদ ভারত গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language