যুক্তরাষ্ট্রের হামলায় তিন ইরানি পাইলট নিহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

তেহরান, ৪ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিন জন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি দেশটির নৌবাহিনীর পাইলট হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন হোসেনই মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।
তবে তারা ঠিক কোথায় বা কোন পরিস্থিতিতে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তারা সে সময় কোনো যুদ্ধবিমান পরিচালনা করছিলেন কি না কিংবা কোনো অভিযানে অংশ নিয়েছিলেন কি না, তাও স্পষ্ট করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, গত মঙ্গল ও বুধবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের চালানো ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন।
মূলত গত ৩০ আগস্ট লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে এই সংঘাতের সূত্রপাত হয়। এর ফলে প্রায় এক মাস ধরে চলা শান্ত পরিস্থিতির অবসান ঘটে। মার্কিন সশস্ত্র বাহিনী ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
এর পাল্টা জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন স্থাপনাগুলোতে ইরানের এই আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬







