উত্তর আমেরিকা

ইরান সংশ্লিষ্টতায় ৪ ভারতীয় প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ওয়াশিংটন, ২৬ আগস্ট – ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের ৪টি প্রতিষ্ঠান এবং ৩ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ইরানের আয়ের উৎসগুলো সংকুচিত করে দেশটির অর্থনীতিকে চাপে ফেলাই এই অবরোধের মূল উদ্দেশ্য।

এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক অবরোধের পরিধি আরও বিস্তৃত হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো পোর্টইজ পার্টনার্স এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিপি সফটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

এছাড়া ব্যক্তিগতভাবে পোর্টইজ পার্টনার্সের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইদ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটেক এর কর্মকর্তা প্রশান্ত গর্ভের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের নিষিদ্ধ ঘোষিত পেট্রোকেমিক্যাল পণ্য ক্রয় ও পরিবহনের মতো বড় অংকের লেনদেনে সরাসরি জড়িত ছিল বলে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, পোর্টইজ পার্টনার্স কাস্টমস ব্রোকার হিসেবে কাজ করে ভারতে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে বিশেষ সহায়তা প্রদান করেছে। অন্যদিকে, সদাশিব ওভারসিজ একাধিক ইরানি কোম্পানি থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলার মূল্যের জ্বালানি পণ্য আমদানি করেছে।

একইভাবে পিপি সফটেক এবং প্রাকৃতিস ইনফ্রা প্রতিটি প্রতিষ্ঠান পৃথকভাবে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করার প্রমাণ মিলেছে। উল্লেখ্য যে, ৬০টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী নৌযানের বিরুদ্ধে মার্কিন অর্থ দপ্তরের প্রকাশিত যৌথ নিষেধাজ্ঞার তালিকার অংশ হিসেবেই ভারতীয় এই ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language