দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ১৪ আগস্ট – ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাঁচ দিনের সরকারি সফর শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন।
উভয় মিশন এলাকায় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া জেনারেল ওয়াকার-উজ-জামান সংশ্লিষ্ট মিশনগুলোতে নিয়োজিত বাংলাদেশি স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ইউএনএমআইএসএস-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফা-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি আবেই এলাকায় মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও বৈঠক করেন।
এসব বৈঠকে মিশনের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি এবং আভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী চোল থন বালোক এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্তিনো ডেং ওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেনাপ্রধানের এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









