বলিউড

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন প্রীতি জিনতা, আলোচনায় ১৮৩ কোটির সম্পত্তি

মুম্বাই, ১৪ আগস্ট – দীর্ঘ আট বছরের বিরতি শেষে বাটোয়ারা ১৯৪৭ চলচ্চিত্রের মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত এই ঐতিহাসিক পটভূমির চলচ্চিত্রে প্রীতির সঙ্গে দেখা যাবে সানি দেওল, শাবানা আজমি ও আলী ফজলের মতো তারকাদের।

প্রীতির এই প্রত্যাবর্তন নিয়ে যেমন ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে, তেমনি আলোচনায় এসেছে তার বিশাল অংকের সম্পত্তি ও ব্যবসায়িক সাফল্যের তথ্য। ১৯৯৮ সালে দিল সে সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী কেবল অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি।

২০০৮ সালে আইপিএল দল পাঞ্জাব কিংসের অংশীদারিত্ব কেনা থেকে শুরু করে মুম্বাই ও বিদেশে আবাসন খাতে বড় ধরনের বিনিয়োগ করেছেন তিনি। বর্তমানে প্রীতির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কেনাবেচার ইতিহাস রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে কেনা একটি ফ্ল্যাট তিনি ২০২৫ সালে ১৪ কোটি রুপিরও বেশি মূল্যে বিক্রি করেন। এছাড়া বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতি মাসে প্রায় ৬ লাখ টাকা ভাড়ার একটি ফ্ল্যাটে থাকেন।

বর্তমানে প্রীতি তার স্বামী জিন গুডএনাফ এবং দুই সন্তান জয় ও জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। লস অ্যাঞ্জেলেসে তাদের একটি বিশাল ভিলা রয়েছে যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি রুপি। ভারত ও বিদেশে প্রীতির এমন আরও বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি রয়েছে যা থেকে নিয়মিত আয় আসে।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language