মধ্যপ্রাচ্যে নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ফিরছে আব্রাহাম লিংকন

ওয়াশিংটন, ১৪ আগস্ট – মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীর পরিবর্তে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামের রণতরীটিকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন। গত ২০০ দিনের মধ্যে রণতরীটি কোনো বন্দরে যাত্রাবিরতি করেনি। দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান করায় রণতরীটিতে থাকা নাবিকদের জীবনযাত্রার মান এবং কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।
গত বছরের নভেম্বরে প্রাথমিকভাবে মোতায়েনের পর চলতি বছরের জানুয়ারিতে ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে একে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। অপারেশন এপিক ফিউরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে এই রণতরীটি বিশেষ ভূমিকা পালন করেছে।
তবে দীর্ঘ সামরিক অভিযানের ফলে নাবিকেরা চরম মানসিক ও শারীরিক চাপের মধ্যে রয়েছেন বলে পেন্টাগনকে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। রণতরীর ভেতরের প্রকৃত অবস্থা সম্পর্কে পেন্টাগনের কাছে ইতোমধ্যে জরুরি তথ্য চেয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে রণতরীর অভ্যন্তরীণ সংকটের চিত্র তুলে ধরেছেন। তার মতে, জাহাজটিতে মৌলিক সামগ্রীর তীব্র সংকট রয়েছে। এছাড়া পানিদূষণ, পয়োনিষ্কাশন সমস্যা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটার খবর পাওয়া গেছে।
পরিবারের পাঠানো পার্সেল ও চিঠি ঠিকমতো না পৌঁছানোর বিষয়টিও তিনি উল্লেখ করেন। অন্যদিকে মার্কিন আইনপ্রণেতা মার্লিন স্টুটজম্যান এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি জানান, দেশের সেবায় নিয়োজিত সেনাসদস্যরা যেন অন্তত এটুকু নিশ্চিত থাকেন যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওয়াশিংটন দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করে আব্রাহাম লিংকনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পারে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









