উত্তর আমেরিকা

বিচারক নিয়োগের ক্ষমতা নিয়ে অক্টোবরে আলবার্তায় গণভোট

অটোয়া, ১৪ আগস্ট – কানাডার আলবার্টা প্রদেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে আগামী অক্টোবরে একটি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারক নিয়োগের বর্তমান পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হবে কিনা সেই বিষয়ে ভোটারদের মতামত জানতেই এই পদক্ষেপ।

বর্তমানে আলবার্টার কোর্ট অব কিংস বেঞ্চ এবং কোর্ট অব আপিলের বিচারক নিয়োগের দায়িত্ব পালন করে ফেডারেল সরকার। তবে প্রদেশটির প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সরকার মনে করে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় প্রাদেশিক সরকারের আরও জোরালো ভূমিকা থাকা আবশ্যক।

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আলবার্টার আইন ও বিচারব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত বিচারকদের নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রদেশের মতামত থাকা জরুরি। তবে এই প্রস্তাবের সমালোচকেরা বলছেন যে বর্তমান ব্যবস্থাতেও বিচারক বাছাইয়ের ক্ষেত্রে আলবার্টা সরকারের মতামত দেওয়ার পর্যাপ্ত সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে গণভোটে প্রস্তাবের পক্ষে রায় এলেও তাৎক্ষণিকভাবে বিচারক নিয়োগের ক্ষমতা আলবার্টার হাতে আসবে না। এই পদ্ধতিগত পরিবর্তনের জন্য কানাডার সংবিধান সংশোধন করা প্রয়োজন।

এজন্য ফেডারেল পার্লামেন্টের পাশাপাশি অন্তত সাতটি প্রদেশের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী অক্টোবরে অভিবাসন ও প্রদেশের স্বায়ত্তশাসনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিচারক নিয়োগের বিষয়টিও ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language