দক্ষিণ এশিয়া

নিজস্ব রোভার ‘জিন্নাহ-১’ নিয়ে ২০২৯ সালে চাঁদে যাচ্ছে পাকিস্তান

ইসলামাবাদ, ১৪ আগস্ট – নিজস্ব প্রযুক্তিতে তৈরি লুনার রোভার নিয়ে চাঁদে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত করছে পাকিস্তান। চীনের কারিগরি ও সার্বিক সহায়তায় ২০২৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে পাড়ি জমাবে পাকিস্তানের প্রথম লুনার রোভার জিন্নাহ-১। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা স্পার্কো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে রোভারটির নাম প্রকাশ করা হয়। দেশব্যাপী উন্মুক্ত নামকরণের প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৪ হাজার প্রস্তাবের মধ্য থেকে জিন্নাহ-১ নামটি চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম নির্বাচন করা হয়েছে।

বাহাওয়ালনগরের ১৭ বছর বয়সী তরুণ তৈয়ব করিম এই বিজয়ী নামটি প্রস্তাব করেন। চীনের চাংই-৮ মিশনের সঙ্গী হয়ে মহাকাশে পাড়ি দেবে এই রোভার। ২০২৪ সালেই এই অভিযানের জন্য চীনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে পাকিস্তান। যা দেশটির মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি বড় মাইলফলক।

জিন্নাহ-১ মূলত চাঁদের দক্ষিণ মেরুর বন্ধুর ভূমিরূপ ও হিমায়িত বরফ নিয়ে গবেষণা চালাবে। এছাড়া চাঁদের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে এই মিশনের মাধ্যমে।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language