জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯৩

ঢাকা, ১৩ আগস্ট – দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৬৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত দুই ব্যক্তিই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। শেষ একদিনে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের নিয়ে চলতি বছর দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ১০০ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ১০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকার হাসপাতালে আরও ৯২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৯৫ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৪৩ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৫ জন এবং সিলেটে ৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৩ দিনেই ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এনএন/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language