ভারতে বিধানসভা নির্বাচনে বড় চমক দেখাচ্ছেন থালাপতি বিজয়

কলকাতা, ৪ মে – কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতে পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গণনায় প্রাথমিক ফলাফলে বড় চমক দেখিয়েছে দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
গণনার শুরুতে ক্ষমতাসীন ডিএমকে ও বিজয়ের টিভিকে-র মধ্যে তীব্র লড়াইয়ের সংকেত পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। সকাল ১০টার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে ৫০টি আসনে এগিয়ে আছে।
এছাড়া ৭৫টি আসনে এগিয়ে থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে। অধিকাংশ বুথফেরত জরিপ ডিএমকে-র জয়ের পূর্বাভাস দিলেও কিছু জরিপে বিজয় থালাপাতির দলের অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করা হয়েছিল। সেই পূর্বাভাসই এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ভোট গণনাকেন্দ্রগুলোতে ফলাফল প্রকাশের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এস এম/ ৪ মে ২০২৬









