মুন্সিগঞ্জ

গজারিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুন্সীগঞ্জ, ২৮ এপ্রিল – মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রাম সংলগ্ন মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবহাওয়া স্বাভাবিক থাকায় শাহাদাত তার পালিত গরুটি বাড়ির পাশের মাঠে চরাতে দিয়ে আসেন।

সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় শাহাদাত মাঠ থেকে গরুটি আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language