ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৪ যাত্রী আহত

মুন্সিগঞ্জ, ১৫ জুন – ভারি বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে রাস্তার গার্ডরেল ভেঙে সেটি সার্ভিস রোডে কাত হয়ে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি।
দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএন/ ১৫ জুন ২০২৬









