১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা

ঢাকা, ১৭ আগস্ট – ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এসব এলাকায় নদীবন্দরের পাশাপাশি জানমালের সুরক্ষায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারাদেশের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬









