সম্পাদকের পাতা

কুইন্স পার্কের লড়াইয়ে ফাতিমা শাবানের পথচলা

নজরুল মিন্টো

স্কারবরো সাউথওয়েস্টের রাস্তায় এখন প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে তাঁকে। কখনো বাড়ির দরজায় কড়া নাড়ছেন, কখনো বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, কখনো স্কুল ও স্বাস্থ্যসেবার সমস্যা নিয়ে সভায় দাঁড়াচ্ছেন। কয়েক বছর আগেও তাঁর পরিচয় ছিল মূলত একজন কর্মজীবী মা, কমিউনিটি সংগঠক ও ভাড়াটিয়া অধিকারকর্মী হিসেবে। এখন সেই ফাতিমা শাবান অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির হয়ে স্কারবরো সাউথওয়েস্ট থেকে কুইন্স পার্কে যাওয়ার লড়াইয়ে নেমেছেন। আগামী ৩ সেপ্টেম্বরের প্রাদেশিক উপনির্বাচনে তিনি এনডিপির প্রার্থী।

ফাতিমার গল্প অবশ্য কানাডায় শুরু হয়নি। তাঁর জন্ম স্লোভাকিয়ায়। তিনি জানিয়েছেন, তাঁর মা স্লোভাক এবং বাবা মিশরীয়। ২০০৮ সালে মাত্র ১৪ বছর বয়সে মায়ের সঙ্গে কানাডায় আসেন তিনি। কৈশোরেই নতুন দেশ, নতুন পরিবেশ ও অভিবাসী জীবনের অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হয় তাঁর কানাডার পথচলা।

কানাডায় এসে ধীরে ধীরে তাঁর নিজের ঠিকানা হয়ে ওঠে স্কারবরো সাউথওয়েস্ট। এখানেই তিনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন এবং কর্মজীবন গড়েছেন। তাঁর স্বামী আফগান এবং তাঁদের দুই সন্তানও এখানেই বড় হচ্ছে। ফলে স্কারবরো সাউথওয়েস্ট তাঁর কাছে শুধু একটি নির্বাচনী এলাকা নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ।

জীবনের একটি ব্যক্তিগত বেদনা তাঁর জনসেবার চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ফাতিমার ভাষ্য অনুযায়ী, চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার পর তাঁর মা মারা যান। মাকে হারানোর সময় স্কারবরোর কমিউনিটি তাঁর পাশে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কারণেই স্বাস্থ্যসেবা তাঁর কাছে নিছক নির্বাচনী ইস্যু নয়। মায়ের চিকিৎসার সময় স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা তিনি খুব কাছ থেকে দেখেছেন।

ফাতিমা ইউনিভার্সিটি অব টরন্টো থেকে Criminology and Socio-legal Studies-এ ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি Political Science ও History ছিল তাঁর মাইনর। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই সমাজের প্রান্তিক মানুষের অধিকার নিয়ে তাঁর আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। কানাডায় বসবাসরত অনথিভুক্ত তরুণদের নাগরিকত্ব ও বৈধ অভিবাসন মর্যাদার পথ তৈরির দাবিতে তিনি একটি সংগঠনও গড়ে তুলেছিলেন। অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে নামার আগেই আইন, অভিবাসন ও সামাজিক অধিকারসংক্রান্ত বিষয়ে তিনি সক্রিয় ছিলেন।

স্থানীয়ভাবে ফাতিমাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে ভাড়াটিয়াদের অধিকার নিয়ে তাঁর কাজ। তিনি ACORN-এর সঙ্গে যুক্ত, যে সংগঠন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন ও অর্থনৈতিক অধিকার নিয়ে কাজ করে। নিজের এলাকায় অনুমোদিত সীমার চেয়ে বেশি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবেশীদের সংগঠিত করেছেন তিনি। পাশাপাশি রিজেন্ট হাইটস পাবলিক স্কুলের স্কুল কাউন্সিলের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফাতিমার ভাষায়, রাজনীতিতে আসার অন্যতম কারণ ছিল সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থার নানা জটিলতায় মানুষকে পিছিয়ে পড়তে দেখা। নিজের অভিবাসী জীবনের অভিজ্ঞতা, মায়ের চিকিৎসা এবং ভাড়াটিয়া হিসেবে আবাসনের চাপ তাঁকে বুঝিয়েছে, সরকারি নীতির প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেই এসে পড়ে। এসব অভিজ্ঞতাই তাঁকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসে।

নির্বাচনী রাজনীতিতে তাঁর প্রথম বড় পরীক্ষা আসে ২০২৫ সালের ফেডারেল নির্বাচনে। স্কারবরো সাউথওয়েস্টে এনডিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এরপর ২০২৬ সালের ১৩ এপ্রিল একই আসনের ফেডারেল উপনির্বাচনেও এনডিপির প্রার্থী হন। দুটি নির্বাচনেই জয় না এলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর রাজনৈতিক পথ মোড় নেয় প্রাদেশিক রাজনীতির দিকে।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত মনোনয়ন সভায় ফাতিমা শাবানকে স্কারবরো সাউথওয়েস্টের প্রাদেশিক উপনির্বাচনে এনডিপির প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, কর্মজীবী পরিবারগুলোর পাশে একজন লড়াকু প্রতিনিধি দরকার এবং স্থানীয় নিউ ডেমোক্র্যাটদের আস্থা পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন।

এরপর থেকে তাঁর প্রচারণার পরিধিও বেড়েছে। ফেডারেল নির্বাচনের তুলনায় এবার তাঁর পেছনে অন্টারিও এনডিপির পুরো সাংগঠনিক শক্তি সক্রিয়। দলীয় নেতা মারিট স্টাইলস একাধিকবার তাঁর সঙ্গে স্কারবরো সাউথওয়েস্টে বাড়ি বাড়ি প্রচারণায় অংশ নিয়েছেন। কিংস্টন রোডে প্রচারণা কার্যালয় চালু হয়েছে। নিয়মিত বাড়ি বাড়ি ভোটারদের সঙ্গে যোগাযোগ, ফোনে প্রচার, নির্বাচনী সাইন বিতরণ এবং শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রচারণা চলছে। অন্টারিও ফেডারেশন অব লেবারও ১৫ আগস্ট তাঁর সমর্থনে ভোটার উপস্থিতি বাড়ানোর বিশেষ কর্মসূচির আয়োজন করে।

স্বাস্থ্যসেবা এখন তাঁর প্রচারণার অন্যতম প্রধান বিষয়। ১৪ আগস্ট মারিট স্টাইলসকে পাশে নিয়ে তিনি স্কারবরোর স্বাস্থ্যসেবা নিয়ে এনডিপির তিন দফা পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্কারবরো হেলথ নেটওয়ার্কে আরও শয্যা যোগ করা, রোগীর তুলনায় পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা এবং বিদেশে প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সদের অন্টারিওর স্বাস্থ্যব্যবস্থায় দ্রুত যুক্ত হওয়ার পথ সহজ করা। মায়ের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে ফাতিমা বলেছেন, প্রয়োজনের মুহূর্তে মানুষকে যেন চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে না হয়, তিনি এমন একটি স্বাস্থ্যব্যবস্থা চান।

তাঁর প্রচারণার আরেকটি বড় বিষয় আবাসন ও জীবনযাত্রার ব্যয়। এ ক্ষেত্রেও তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার যোগ রয়েছে। তিনি নিজেও একজন ভাড়াটে এবং দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করছেন। তাঁর বক্তব্য, শুধু নতুন বাড়ি নির্মাণ করলেই আবাসন সংকটের সমাধান হবে না; কর্মজীবী পরিবার, তরুণ ও ভাড়াটিয়াদের নাগালের মধ্যেও সেই আবাসন রাখতে হবে।

আসন্ন নির্বাচনে ফাতিমার সমর্থকদের আশাবাদের বড় কারণ স্কারবরো সাউথওয়েস্টের রাজনৈতিক ইতিহাস। ২০১৮ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আসনটি এনডিপির দখলে ছিল। সর্বশেষ ২০২৫ সালের প্রাদেশিক নির্বাচনে এনডিপির ডলি বেগম ১৪ হাজার ৫৫৭ ভোট বা ৪২ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়ে আসনটি ধরে রেখেছিলেন। প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী পেয়েছিলেন ৩০ দশমিক ৬৫ শতাংশ এবং লিবারেল প্রার্থী ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট। সেই দলীয় ভিত্তি, স্থানীয় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এবং এনডিপির সক্রিয় প্রচারণা এবার ফাতিমার বড় শক্তি। আশাবাদের পেছনে একটি গাণিতিক হিসাবও রয়েছে। নির্বাচনী পূর্বাভাসবিষয়ক ওয়েবসাইট 338Canada-এর ৭ আগস্টের সর্বশেষ মডেলভিত্তিক প্রক্ষেপণে স্কারবরো সাউথওয়েস্টকে “Likely NDP” বা এনডিপির সম্ভাবনাময় আসন হিসেবে দেখানো হয়েছে। মারিট স্টাইলস জানিয়েছেন, এলাকায় ইতোমধ্যে ফাতিমার পক্ষে হাজার হাজার নির্বাচনী সাইন উঠেছে। দলীয় প্রচারে তাঁকে “for and from Scarborough” হিসেবে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ স্কারবরোরই মানুষ এবং এই কমিউনিটি থেকেই উঠে আসা একজন সংগঠক। সব মিলিয়ে আসনটি ধরে রাখার ব্যাপারে এনডিপি শিবিরে আশাবাদ রয়েছে।

ফাতিমা শাবানের যাত্রা ইতোমধ্যেই কানাডার অভিবাসী জীবনের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক গল্প হয়ে উঠেছে। ৩ সেপ্টেম্বরের ভোটই বলে দেবে, স্কারবরো সাউথওয়েস্টে এনডিপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান তিনি ধরে রাখতে পারবেন কি না। ফাতিমার সামনে এখন কুইন্স পার্কে পৌঁছানোর সবচেয়ে বড় পরীক্ষা। শেষ সিদ্ধান্ত ভোটারদের।

তথ্যসূত্র:
Beach Metro Community News
Ontario NDP


Back to top button
🌐 Read in Your Language