ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানি সেনাপ্রধান

তেহরান, ১৬ আগস্ট – যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি নিয়ে সতর্ক করে দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, হরমুজ নিয়ে ইরানকে তুচ্ছতাচ্ছিল্য করা একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।
রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাতামি উল্লেখ করেন যে, হরমুজ পাহারা দেওয়া ইরানি সেনারা অত্যন্ত তৎপর এবং শত্রুপক্ষের যেকোনো উদ্ধত আচরণের জবাব দিতে তারা প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পের এমন তুচ্ছতাচ্ছিল্য করার ফল ভালো হবে না এবং প্রয়োজনে ইরানি রক্ষীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
হাতামি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে ইতোমধ্যে আরব উপসাগর, ওমান সাগর এবং হরমুজ প্রণালি থেকে বিতাড়িত করা হয়েছে। ওই অঞ্চলে তাদের পুনরায় প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো আর কখনো আগের অবস্থায় ফিরতে পারবে না উল্লেখ করে হাতামি বলেন, ইরান তাদের এই আধিপত্য আর মেনে নেবে না। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরান নিজের অবস্থানে অটল থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
এনএন/ ১৬ আগস্ট ২০২৬









