তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ নাকচ করল কাতার

দোহা, ১৬ আগস্ট – ইরানের তিন পাইলটকে গত ছয় মাস ধরে আটক রাখার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার শুরুতে সামরিক অভিযানের সময় কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ওই পাইলটদের আটক করা হয়।
তবে দোহা জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আটকের অভিযোগটি বাস্তবসম্মত নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করেছে তাদের তিন পাইলট বর্তমানে কাতারে বন্দি অবস্থায় রয়েছেন এবং তাদের মুক্তির আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান মিরজানা স্পোলিয়ারিচের কাছে পাঠানো এক চিঠিতে জানান, পাইলট জাভাদ সালেহি, আবদুল মাজিদ দাশতিয়ান এবং ইমরান বেহরোশিয়ান ছয় মাস ধরে কাতারের একটি সামরিক ঘাঁটিতে বন্দি রয়েছেন।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, একই অভিযানে নিহত চতুর্থ পাইলট মাজিদ কাজেমির মরদেহ গত ২ মার্চ ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। কাতার এই অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে বিস্ময় প্রকাশ করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি জানিয়েছেন, আকাশসীমা সুরক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, উদ্ধারকারী দল পাইলটদের সন্ধানে কাজ করেছে এবং এক পাইলটের মরদেহ হস্তান্তরের বিষয়ে তেহরানের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান নিয়ে আলোচনার জন্য কাতারের দেওয়া আমন্ত্রণে ইরান এখনও কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে দোহা।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









