গাজায় প্রতিদিন ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান বেন গভিরের

জেরুজালেম, ১৭ আগস্ট – গাজায় প্রতি রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তিনি মনে করেন, শুধুমাত্র হুমকির কারণ হতে পারে এমন ব্যক্তিদের মধ্যে হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
সম্প্রতি ইসরায়েলি নাগরিক রম ব্রাসলাভস্কির সাথে এক পডকাস্ট আলোচনায় তিনি এসব বিতর্কিত মন্তব্য করেন।
বেন গভির বলেন, গাজায় এমন কিছু মানুষ রয়েছে যারা বেঁচে থাকার যোগ্য নয়। তারা আসলে মানুষও নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ এই সদস্যের নিয়ন্ত্রণে পুলিশ ও কারা বিভাগ থাকলেও সামরিক বাহিনীর ওপর সরাসরি তার কোনো কর্তৃত্ব নেই। তবে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতি নির্ধারণে তিনি ভূমিকা রাখেন।
পডকাস্টে বেন গভির আরও উল্লেখ করেন যে, গাজায় সামরিক হামলা কমানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তিনি পুনরায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড শুরু করার পক্ষে মত দেন।
এছাড়া ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিয়েও তিনি খোলামেলা আলোচনা করেন। ইসরায়েলি সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন সম্প্রতি কার্যকর হয়েছে।
আলোচনার এক পর্যায়ে ব্রাসলাভস্কি ফিলিস্তিনিদের নিজ হাতে গুলি করে হত্যার ইচ্ছা পোষণ করলে বেন গভির তা সম্ভব করতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। পুরো গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দাবি করে বেন গভির সেখানে নতুন করে বসতি স্থাপনের পক্ষেও অবস্থান নেন।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করার এই পরিকল্পনা জাতিগত নিধনের শামিল।
এনএন/ ১৭ আগস্ট ২০২৬









