আইন-আদালত

ট্রাইব্যুনালে হাজির সালমান ও আনিসুল, অব্যাহতি চেয়ে শুনানি আজ

ঢাকা, ০৬ জানুয়ারি – মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি দেওয়ার দাবিতে আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকাল ১০টার পর কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

এর আগে গত ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি শেষ হয়। সে সময় সালমান ও আনিসুলের একটি বিতর্কিত ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়।

প্রসিকিউশনের দাবি, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ প্ররোচনামূলক ওই কথোপকথন হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।

গত ৪ জানুয়ারি আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় বলে দাবি করেন এবং বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ভয়েস রেকর্ড পরীক্ষা করার আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন নামঞ্জুর করে রেকর্ডটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি তার মক্কেলদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ১০ ডিসেম্বর একটি আবেদন দাখিল করেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ২২ ডিসেম্বর সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পাঠ করেন। এর আগে ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে আদালত তা আমলে নেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনের সময় করা ওই ফোনালাপের পর ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব অপরাধে উসকানি ও দায়ভার থেকে অব্যাহতির দাবিতে আজ আসামিপক্ষ তাদের আইনি যুক্তি ট্রাইব্যুনালে উপস্থাপন করবে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language