ঢালিউড

শুটিং সেটে বিরোধের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত, মুখ খুললেন তিশা

তানজিন তিশা

ঢাকা,০৭ নভেম্বর- শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনায় দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মিটিয়ে ফেলার জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। তবে অভিযুক্ত দুই শিল্পীর কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ। এর আগে গত ৭ জুলাই তাদের সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউই সেই নোটিশের জবাব দেননি।

এরপরই তাদের সদস্যপদ স্থগিতের খবর সামনে আসে। এ খবর প্রকাশের কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। শুটিং সেটে সেদিন কী ঘটেছিল, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠকে কী আলোচনা হয়েছিল, সদস্যপদ স্থগিতের কারণ এবং গত কয়েক মাসের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

লাইভে তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা সেখানে উপস্থিত সবাই দেখেছেন। তার ভাষায়, ‘আমার পাগলের চরিত্র আমি করেছি সেটা আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। কে আগে ইমপ্রোভাইজ করেছে, কে আগে অ্যাটাক করেছে, কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটা আপনারা বুঝতে পারবেন।’

ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল। সালিশ বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের বিষয়টিও নিজের বক্তব্যে তুলে ধরেন তিশা। তার মতে, পেশাগত বিরোধ মীমাংসার চেষ্টা না করে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও উল্লেখ করেন তিশা। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language