ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা,০৭ নভেম্বর- ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন্স ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।
এর আগে সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়ানো হয়।
এস এম/ ০৭ নভেম্বর ২০২৬







