জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা,০৭ নভেম্বর-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের অনুমোদিত যানবাহন বিনা মূল্যে চলাচল করতে পারবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে কোনো টোল দিতে হবে না। তবে দুপুর ১২টার পর থেকে আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে টোল আদায় শুরু হবে।

বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস এবং ৩ টনের কম ওজনের হালকা ট্রাকের টোল ৮০ টাকা। ১৬ বা তার বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার যানবাহন চলাচল এই এক্সপ্রেসওয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে এফডিসি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

বর্তমানে এই অংশ দিয়েই নিয়মিত যানবাহন চলাচল করছে। পরিকল্পনা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটি সম্প্রসারণের কথা রয়েছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language