সিলেট

সিলেটবাসীর নিরাপত্তায় ‘জিনিয়া’ অ্যাপ চালু করছে এসএমপি

সিলেট, ১২ সেপ্টেম্বর – সিলেট মহানগরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই চালু হচ্ছে জিনিয়া (GenieA) নামের একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান।

এসময় পুলিশ কমিশনার বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই নাগরিক ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে আমরা চালু করতে যাচ্ছি ‘GenieA’ অ্যাপ। এর মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য পাওয়া যাবে। সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ নানামুখী সেবা মিলবে এই অ্যাপে।

অ্যাপের প্রধান সুবিধার মধ্যে থাকছে- লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং, জরুরি পুলিশি সহায়তা। ভবিষ্যতে অ্যাপে শিশু অপহরণ প্রতিরোধ, ঘরোয়া সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো আধুনিক সুবিধা যুক্ত করা হবে বলেও জানান তিনি।

সিলেটবাসীর উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, প্রিয় সিলেটবাসী, আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। কিন্তু নিরাপদ সিলেট গড়ে তোলা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ।

নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন,আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language