অস্ট্রেলিয়া

সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপে ব্যর্থতা: টেলিগ্রামের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

ক্যানবেরা, ৩১ জুলাই – সন্ত্রাসবাদ সংক্রান্ত কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে বার্তা বিনিময় প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়া। দেশটির সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার আদালতে এই মামলা দায়ের করে।

অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী এই অপরাধে টেলিগ্রাম সর্বোচ্চ ৫ কোটি ৪৬ লাখ অস্ট্রেলীয় ডলার বা ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবরটি নিশ্চিত করেছে। রাশিয়ার পক্ষ থেকে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।

৪১ বছর বয়সী দুরভ বর্তমানে দুবাই ও ফ্রান্সে বসবাস করছেন। এর আগে ২০২৪ সালে অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরাসি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। ফরাসি ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব থাকা দুরভের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোকে টেলিগ্রাম ব্যবহার করে সদস্য সংগ্রহের সুযোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট জানান যে নোটিশ দেওয়ার পরও টেলিগ্রাম সন্ত্রাসবাদ সমর্থনকারী বিভিন্ন ভিডিও সরায়নি। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীর মৃত্যুদণ্ড কার্যকর করা এবং গণহত্যার বীভৎস ভিডিও ছিল। বিশেষ করে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সরাসরি ভিডিও এবং ২০২২ সালে নিউইয়র্কের বাফেলো শহরে গুলিবর্ষণের ভিডিওগুলো সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।

সিডনিতে এক সংবাদ সম্মেলনে কমিশনার বলেন যে কোনো প্ল্যাটফর্মকে যখন সন্ত্রাসবাদ সংক্রান্ত কনটেন্টের ব্যাপারে অবহিত করা হয় তখন তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

বন্ডি ট্র্যাজেডির সাম্প্রতিক ঘটনার পর অস্ট্রেলিয়া বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি অস্ট্রেলিয়া থেকে প্রতি মাসে অন্তত ১৫ লাখ বার ব্যবহার করা হয়।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button