জাতীয়

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ঢাকা, ৩০ জুলাই – আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে বর্তমানে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ককে ভবিষ্যতে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আমরা ইতিবাচক আলোচনা করেছি।

সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একটি ইতিবাচক অবস্থানে রয়েছে। আগামী দিনগুলোতে এই সাফল্যের ওপর ভিত্তি করে আমরা আরও এগিয়ে যেতে চাই।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানান জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সমঝোতা অনুযায়ী কাজ চলছে এবং বাংলাদেশ এই খাতে বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা কামনা করছে।

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের বর্তমান ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন এই সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সব পর্যায়েই নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে।

বৈঠকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো প্রসঙ্গ কিংবা বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

এনএন/ ৩০ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language