জাতীয়

রাবিতে শিক্ষার্থী মারধর: রাকসু জিএসসহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজশাহী, ৩০ জুলাই – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগী শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের বাবা এম এস আসাদ উজ জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জন নামধারী আসামির পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৭ থেকে ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে ও বাইরে এই হামলার ঘটনা ঘটে। মাহিন তখন সেখানে পড়াশোনা করছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৯ থেকে ২০ জন ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ধরে আক্রমণ করেন।

এজাহারে ১ নম্বর আসামি সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে লোহার রড দিয়ে মাহিনের মাথায় ও কপালে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২ নম্বর আসামি সালমান সাব্বিরের আঘাতে মাহিনের বাম চোখে গুরুতর জখম হয় এবং ৩ নম্বর আসামি নাজমুস সাকিবের আঘাতে তার বুকের হাড় ভেঙে যায়।

হামলায় মাহিন মাটিতে পড়ে গেলে আসামিরা তার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আসামিরা পুনরায় বাধা দেন।

ঘটনার পর মতিহার থানা মামলা গ্রহণ না করায় পরবর্তীতে আদালতের মাধ্যমে এই মামলাটি করা হয়।

অভিযুক্তদের আইনজীবী হযরত আলী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button