গোলাপগঞ্জে সারজিস ইসলামের গাড়িতে হামলা: সরকারের প্রতি নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সিলেট, ৩০ জুলাই – সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস ইসলামের গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তবে দেশের সাধারণ জনগণ প্রতিরোধের পথ বেছে নেবে।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় ছাত্র জনতাসহ সব গণতান্ত্রিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন যে, হবিগঞ্জ ও গোলাপগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার সংস্কার চায় না বলেই রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালাচ্ছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত একটি সভায় নাহিদ ইসলাম শাকসু নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। যারা দীর্ঘকাল গণতন্ত্রের কথা বলেছেন, তারাই মূলত এটি বন্ধ করতে ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রশিদ আবরার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া সভায় কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এনএন/ ৩০ জুলাই ২০২৬









