যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ৯০৫ মানবপাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ১৮০

ওয়াশিংটন, ৩০ জুলাই – যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন বড় ধরনের সাফল্য পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসব্যাপী এক বিশেষ অভিযানে দেশটির বিভিন্ন শহর থেকে ৯০৫ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযানে পাচারের শিকার ১৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশ ও কাস্টমস পুলিশের যৌথ বাহিনী দফায় দফায় এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবপাচার রোধে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে পূর্বেই তথ্য ছিল যে, বিশ্বকাপের মতো বিশাল ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে বড় ধরনের মানবপাচারের ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কায় বিভিন্ন অঙ্গরাজ্যে নজরদারি বাড়ানো হয়। অনলাইন মনিটরিংয়ের পাশাপাশি বড় আকারে আন্ডারকভার অভিযানও চালানো হয়।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব লরেন বিস বলেন, যখন দেশি-বিদেশি দর্শনার্থীরা মাঠে ফুটবল খেলা উপভোগ করছিলেন, তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশজুড়ে মানবপাচার রোধে ব্যস্ত সময় পার করেছেন।
কোন শহর থেকে ঠিক কতজন গ্রেপ্তার হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা না হলেও মিয়ামি ও আটলান্টার তথ্য জানানো হয়েছে। এর মধ্যে মিয়ামি থেকে ১৭৮ জন এবং আটলান্টা থেকে ১৫৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবপাচারকারীদের বিরুদ্ধে এই অভিযান বর্তমানেও অব্যাহত রয়েছে বলে লরেন বিস উল্লেখ করেছেন।
এনএন/ ৩০ জুলাই ২০২৬









