বলিউড

‘হেরা ফেরি ৩’–এ নেই বাবুভাইয়া, সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

মুম্বাই, ১৭ মে – ২০২২ সালে প্রথম জানা গিয়েছিল, ফিরছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তি। খবর ছড়াতেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল হিন্দি সিনেমাপ্রেমী দর্শকেরা। নস্টালজিয়ায় মোড়া তিনটি নাম- রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি।

সম্প্রতি ‘হেরা ফেরি ৩’-এর মহরতও হয়ে গিয়েছিল। তবে তার মধ্যেই এলো এমন এক খবর, যা ভেঙে দিল লক্ষ লক্ষ অনুরাগীর মন- ছবিটি থেকে সরে দাঁড়ালেন ‘বাবুভাইয়া’ চরিত্রে রূপদানকারী পরেশ রাওয়াল! অভিনেতা জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ স্পষ্ট করেছেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই সিদ্ধান্ত। কী সেই মতভেদ, তা না খুললেও ভক্তদের জন্য এই খবর একরকম হৃদয়ভাঙা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

কারণ রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন- তিনি বাবুভাইয়া। তার উপস্থিতি ছাড়া ‘হেরা ফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ।

এখন প্রশ্ন উঠছে, কে হবেন বাবুভাইয়ার জায়গায়? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়া? অনেক অনুরাগী চাইছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ বক্স অফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরাফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব।

তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত সিনেমা, গল্প বা কাস্টিং নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।

আইএ/ ১৭ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language