বলিউড

রণবীর-ক্যাটরিনার গোপন দেখা, সাংবাদিকদের ক্যামেরা-সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন রণবীর

রণবীর-ক্যাটরিনা

মুম্বাই,১৪ সেপ্টেম্বর- বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প আবারও আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে সংবাদকর্মীদের নজর এড়িয়ে চলতেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি ভারতের এক সাবেক সাংবাদিক দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার দৃশ্য ধারণ করায় তাদের ওপর রেগে গিয়ে রণবীর ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন।

ওই সাংবাদিক জানান, রণবীর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্কের শুরুর দিকের ঘটনা এটি। সংবাদকর্মীরা খবর পেয়ে আগে থেকেই সেখানে লুকিয়ে ছিলেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই ক্যামেরা চালু করা হলে রণবীর চতুরতার সঙ্গে সেখান থেকে চলে যান।

সেই সাংবাদিক বলেন, যখন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না, তখন একদিন তিনি খবর পান রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত ১টা ৩০ মিনিটে রণবীর বের হবেন। তাই তারা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলেন। রণবীর যখন বের হয়ে আসেন, তখন বুঝতে পারেন তারা সেখানে রয়েছেন। এরপর ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান।

তবে ঘটনার মূল চমক ঘটে কয়েক মিনিট পর। ওই সাংবাদিক জানান, স্থানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আবারও সেখানে ফিরে আসেন রণবীর। তিনি সরাসরি সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরার ব্যাগ ও সাউন্ড সরঞ্জাম কেড়ে নেন। পরে সংবাদকর্মীরা পিছু না হটার কারণে একপর্যায়ে সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন এই অভিনেতা।

ক্যাটরিনার সেই ফাঁকা বাড়িতে তাদের দেখা করার খবর তিনি কীভাবে পেয়েছিলেন, সেই ঘটনাও স্মরণ করেন সাংবাদিক। তিনি বলেন, তারা দুজন কারও শেষকৃত্যে গিয়েছিলেন। সেই সময় তিনি খবর পান, দুজন ক্যাটরিনার বাড়িতে দেখা করতে যাচ্ছেন। তারা সেখানে পৌঁছানোর আগেই সাংবাদিকরা গিয়ে লুকিয়ে ছিলেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই তারা ক্যামেরা চালু করে দেন। রণবীর গাড়ির কাচ নামিয়ে দেখেন যে তারা সেখানে রয়েছেন। এরপর এমনভাবে অভিনয় করেন, যেন ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতেই এসেছেন।

উল্লেখ্য, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং সেট থেকেই রণবীর ও ক্যাটরিনা প্রেমের সম্পর্কে জড়ান। প্রায় সাত বছর প্রেমের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে এবং ক্যাটরিনা ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language