কারিনা কাপুরের মা হওয়ার গুঞ্জন: মুখ খুললেন ঘনিষ্ঠরা

মুম্বাই, ২২ আগস্ট – বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের আগমন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী কারিনা মোটেও অন্তঃসত্ত্বা নন।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এই সময় তার এক সহযোগী কারিনার সামনে ছাতা ধরে হাঁটছিলেন। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশের ধারণা হয় যে ছাতার আড়ালে নিজের বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন কারিনা।
এরপরই মুহূর্তের মধ্যে তার তৃতীয়বার মা হতে যাওয়ার খবরটি ভাইরাল হয়ে যায়। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী ক্যামেরার বিশেষ কোণ, ঢিলেঢালা পোশাক কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে।
তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। উল্লেখ্য যে সাইফ ও কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে তৈমুর ও জেহ নামের দুই সন্তান রয়েছে। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।
এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন যে সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে তারা বেশ গোছানো জীবন অতিবাহিত করছেন।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









