জাতীয় যুব কাউন্সিলের ১৪০ সদস্য নির্বাচনে আবেদন আহ্বান, শেষ সময় ৩০ ডিসেম্বর

ঢাকা,১৩ নভেম্বর-জাতীয় যুব কাউন্সিলের ১৪০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ গঠনের লক্ষ্যে সদস্য নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
নির্বাচনে অংশ নিতে আগ্রহী যোগ্য যুব প্রতিনিধিদের আগামী ৩০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ পরিষদে প্রত্যেক জেলা থেকে একজন যুব পুরুষ ও একজন যুব নারী প্রতিনিধি নির্বাচিত হবেন। এভাবে জেলা পর্যায় থেকে মোট ১২৮ জন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া বিশেষ শ্রেণির সদস্য হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, উদ্যোগী যুব, ক্রীড়াবিদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এ শ্রেণিতে মোট ৯ জন সদস্য থাকবেন।
অন্যদিকে, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আজীবন সদস্য এবং তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে মোট সাতজন সদস্য নেওয়া হবে। সব মিলিয়ে ১৪০ সদস্য নিয়ে গঠিত হবে জাতীয় যুব কাউন্সিলের সাধারণ পরিষদ। এই পরিষদের মধ্য থেকে নির্বাচিত ১৯ জন সদস্য নিয়ে গঠিত হবে কার্যনির্বাহী পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সাধারণ শ্রেণির আবেদনকারীকে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত অথবা স্বীকৃতিপ্রাপ্ত যুব সংগঠনের সদস্য হতে হবে। তবে বিশেষ ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে যুব সংগঠনের সদস্য হওয়ার শর্ত প্রযোজ্য হবে না।
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হতে হবে। তবে কোনো শ্রেণিতে যোগ্য যুব প্রতিনিধি পাওয়া না গেলে অষ্টম শ্রেণি পাস প্রার্থীদেরও বিবেচনা করার সুযোগ রাখা হয়েছে। যুব সংগঠনের মাধ্যমে যুবসমাজকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পুরুষ সদস্যদের কমপক্ষে তিন বছর এবং নারী সদস্যদের কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া যুব নেতৃত্বের বিকাশ, জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থী সুরক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আবেদনকারীদের ভূমিকা থাকতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোগ গ্রহণ, প্রযুক্তির সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য উন্নয়নেও অবদানকে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, মা ও শিশুর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এইচআইভি-এইডস বিষয়ে সচেতনতা এবং স্যানিটেশন কার্যক্রমে অবদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট, পরিবার পরিকল্পনা, দুর্যোগ ও মহামারি মোকাবিলা, মানবাধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী কার্যক্রমে ভূমিকা বিবেচনা করা হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে উল্লেখযোগ্য অবদানও মূল্যায়ন করা হবে।
আবেদনকারীদের নিজ নিজ সংগঠন থেকে মনোনীত হতে হবে এবং আবেদনের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে হবে। আবেদনে উল্লেখ করা তথ্যের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্রও সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো ফরমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনকারীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। অন্যান্য এলাকার প্রার্থীদের নিজ নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হবে। বিশেষ ও অন্যান্য শ্রেণির প্রার্থীদের নিজ নিজ জেলার উপপরিচালকের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদন ফরম ও সংশ্লিষ্ট বিধিমালা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www\.dyd.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া উপজেলা ও থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং জেলা উপপরিচালকের কার্যালয় থেকেও ফরম পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সদস্য নির্বাচন, আবেদন বাতিল কিংবা মনোনয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন) অথবা সংশ্লিষ্ট জেলা, মহানগর, উপজেলা ও থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা যাবে। এ বিষয়ে যোগাযোগের জন্য ০১৯১৫৬৯৫২৪৩ নম্বর দেওয়া হয়েছে।
আগ্রহী ও যোগ্য যুব প্রতিনিধিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







