২০ হাজার পেশাদার চালককে সড়ক নিরাপত্তায় পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ঢাকা,১৩ নভেম্বর-বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বাড়াতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার শুরু হচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপি)—এ দুটি প্রকল্পের আওতায় ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ নিচ্ছেন।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
ফাতেমা বেগম জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এ রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এসব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







