জাতীয়

ইসির সার্ভারে জটিলতায় লক ৩৫ হাজার নাগরিকের এনআইডি, ভোগান্তিতে অনেকে

নাগরিকের এনআইডি

ঢাকা,১৩ নভেম্বর-নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা। এনআইডি লক থাকায় সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না অনেকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন করা। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের ভিত্তিতেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারী নাগরিকদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language