শীতকালীন আগাম সবজি বাজারে, নতুন আলুর কেজি ১২০ টাকা—দাম কমার অপেক্ষায় ক্রেতারা

ঢাকা,১৩ নভেম্বর-রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করেছে। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি গাজর ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা এবং পুরোনো দেশি টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপির দাম প্রতি কেজি ৪০ টাকা। মুলা ৫০ থেকে ৬০ টাকা এবং শিম ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, গোল বেগুন ৬০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। এদিকে পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শসার দামেও পার্থক্য রয়েছে। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম ১৬০ টাকা কেজি। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। বাজারে লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক প্রতি আঁটি ১৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের ধরন ও আকার অনুযায়ী দামের এই পার্থক্য দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দামে প্রভাব পড়ছে। তবে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
ক্রেতা আবদুস সোবহান বলেন, বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়।
অন্যদিকে, ফার্মের বাদামি রঙের মুরগির ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজার আগের মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাপদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







