জাতীয়

মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষে শতাধিক যাত্রী আহত, মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এক ঘণ্টা

মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ

ঢাকা,১৩ নভেম্বর-ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একে একে একাধিক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language