খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে অ্যাপ চালুর উদ্যোগ এনবিআরের

ঢাকা,১৩ নভেম্বর-রাজস্ব ঘাটতি মোকাবিলায় এবার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজার টাকায় দুই টাকা হারে অগ্রিম কর আদায়ের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা ইতিমধ্যে অ্যাপ তৈরির কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে এটি ব্যবহারের জন্য চূড়ান্ত করা হতে পারে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। অর্থাৎ সরবরাহ করা পণ্যের প্রতি হাজার টাকার বিপরীতে দুই টাকা অগ্রিম কর কেটে রাখা হবে। এত দিন বাজেটে এ বিধান থাকলেও এবার তা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এই কর আদায় করা হবে। এ জন্য পরিবেশকদের বিশেষ অ্যাপটি ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব সংরক্ষণ, রসিদ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরি করা যাবে। পাশাপাশি পণ্যের মূল্য গ্রহণের ব্যবস্থাও থাকবে। মাস শেষে বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজার টাকায় দুই টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন পরিবেশকেরা। কর দেওয়ার দায়িত্ব খুচরা বিক্রেতার হলেও পরিবেশকেরা তা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও এই কর জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।
এনবিআর সূত্র আরও জানায়, প্রাথমিক পর্যায়ে শুধু পরিবেশকদের জন্য অ্যাপটি চালু করা হলেও পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্যও এর ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান অগ্রিম করের আওতায় আসবে। তবে এনবিআরের এই উদ্যোগ এবং চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই বিশাল ঘাটতি সামাল দিতেই করের আওতা বাড়ানোর এমন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







