জাতীয়

রমজানের আগে টিসিবির নতুন ডিলার নিয়োগ, ঘরে বসেই অনলাইনে করা যাবে আবেদন

টিসিবি

ঢাকা,১৩ নভেম্বর-ডিলার নিয়োগে আবেদনকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হতো। তবে এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন তারা।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগছে।

তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।

২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

আগের পদ্ধতিতে ডিলার নিয়োগের আবেদনসহ সংশ্লিষ্ট কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণের পর জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। এরপর মূল্যায়ন কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবি মনে করছে, অনলাইনে আবেদন গ্রহণ, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং কমিটির মাধ্যমে মূল্যায়নের সমন্বয়ে নতুন পদ্ধতিতে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language