সেন্টমার্টিনে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটকের ভ্রমণ, মৌসুমে বাড়ছে যাত্রীর সংখ্যা

কক্সবাজার,১৩ নভেম্বর-কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক ভ্রমণ করেছেন। চলতি মৌসুমে ৫ নভেম্বর জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ যাত্রীসংখ্যা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে চারটি জাহাজ যাত্রা করে। এদিন প্রথমবারের মতো যাত্রী নিয়ে রওনা দেয় এমভি মালঞ্চ। জাহাজগুলো দুপুরে সেন্টমার্টিনে পৌঁছায়। সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়ে রাতে ফিরে আসবে।
৩৪৬ আসনবিশিষ্ট কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি জাহাজ বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা এখন ৩ হাজার ২৪৪ জন।
৮৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন এমভি বারো আউলিয়ায় শুক্রবার সেন্টমার্টিন গেছেন ৫৯৩ জন পর্যটক। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে যাত্রী ছিলেন ৫০০ জন। এমভি টেকনাফে করে গেছেন ৪১৯ জন পর্যটক। জাহাজটির আসনসংখ্যাও ৭৩২টি।
প্রথমবার যাত্রা করা ৬০০ জন ধারণক্ষমতার এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন পর্যটক। জাহাজটির পরিচালক আব্দুস সাত্তার জয় ঢাকাপোস্টকে বলেন, এমভি মালঞ্চকে পুরোপুরি প্রস্তুত করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু করেছেন তারা। ইনশাআল্লাহ, মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে হতাশা দেখা গেছে। তবে দেশের সর্বদক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপটি ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে অনেকেই উচ্ছ্বসিত।
মাদারীপুরের কালকিনি থেকে ভ্রমণে এসেছেন সৈয়দুল হক। তিনি বলেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপটি অনেক সুন্দর। ভিডিওতে দ্বীপটির সৌন্দর্য দেখেছেন তিনি। পরিবারের সঙ্গে প্রথমবারের মতো সেখানে যাচ্ছেন। সমুদ্রযাত্রার এই অভিজ্ঞতা তার কাছে খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে।
সিরাজগঞ্জের বাসিন্দা পর্যটক ওসমান আলী বলেন, ছুটি কাটাতে ৬ থেকে ৭ ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যাওয়া কিছুটা ক্লান্তিকর হলেও তারা যাচ্ছেন। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যেত। এখন সেই সুযোগ নেই। পাশাপাশি জাহাজের ভাড়াও কিছুটা বেশি।
মৌসুম শুরুর মাসে পর্যটকের সংখ্যা সীমিত থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন পর্যটন শিল্পসংশ্লিষ্টরা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চলতি মাসে শুক্রবার ও শনিবার অর্থাৎ ছুটির দিনগুলোতে মোটামুটি সংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের পরিস্থিতি দেখে আশা করা যাচ্ছে, আগামী মাসের প্রতিদিনই পর্যটকদের নির্ধারিত কোটা পূর্ণ হবে। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। শুক্রবার চারটি জাহাজ গেছে এবং বাকি জাহাজটিও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।
সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, সেন্টমার্টিনে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটক একসঙ্গে থাকতে পারেন। মৌসুম মাত্র শুরু হয়েছে এবং পর্যটকের সংখ্যাও কম। তবে সুখবর হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল ও রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। তারা আশা করছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচুর পর্যটকের আগমন ঘটবে।
চলতি মৌসুমে পর্যটকদের জন্য এবার কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।
এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পর্যটকদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে।
সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







