ইব্রাহিম ট্রাওরে: বুরকিনা ফাসোর আলোচিত নেতার সামনে কঠিন চ্যালেঞ্জ

ওয়াগাদুগু, ৫ আগস্ট – ২০২২ সালে মাত্র ৩৮ বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতায় বসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। পশ্চিমা প্রভাব এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বর্তমানে আফ্রিকার অন্যতম আলোচিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা বাড়লেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে তার সরকার। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে ট্রাওরের উত্থান এবং তার শাসনের নানা দিক তুলে ধরা হয়েছে।
ক্ষমতায় আসার পর তিনি ফরাসি সেনাদের দেশ থেকে বহিষ্কার করেন এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেন। তিনি বুরকিনা ফাসোর কিংবদন্তি নেতা টমাস সংকারার আদর্শকে সামনে রেখে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করছেন।
বিশেষ করে স্থানীয় কৃষি উৎপাদন এবং জাতীয় সম্পদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগগুলো জনমনে সাড়া ফেলেছে। তবে দেশের নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল কায়দা এবং আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে ট্রাওরের সরকার এখনো পুরোপুরি সফল হতে পারেনি।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে দেশটিতে বর্তমানে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন এবং একটি বিশাল জনগোষ্ঠী সরাসরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নেও ট্রাওরে সমালোচিত হচ্ছেন। গত এপ্রিলে তিনি জনগণকে গণতন্ত্রের ভাবনা থেকে সরে আসার আহ্বান জানান।
তার সরকার রাজনৈতিক কার্যক্রম সীমিত করার পাশাপাশি সুশীল সমাজ এবং গণমাধ্যমের ওপর কঠোর নজরদারি আরোপ করেছে। সম্প্রতি নতুন ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় কয়েকজন সুন্নি আলেমকে গ্রেপ্তারের ঘটনায় ট্রাওরের সমর্থক মহলেও বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সার্বভৌমত্বের ইস্যুতে ট্রাওরে আন্তর্জাতিকভাবে জোরালো বার্তা দিলেও সাধারণ মানুষের নিরাপত্তা এবং অর্থনৈতিক সংকটের টেকসই সমাধান এখনো অধরা। ওয়াগাদুগুর সাধারণ মানুষের মতে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়ার বিষয়টি গর্বের হলেও রাজনৈতিক এই বিজয় দিয়ে জীবন চালানো সম্ভব নয়। দেশের মানুষ এখন নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









