আফ্রিকা

উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের

ওয়াগাদুগু, ২৬ জুলাই – উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম তাওরে। তিনি জানান, উগ্রবাদী আদর্শের বিরুদ্ধে তাদের লড়াই ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ইমামকে আটক এবং বিতর্কিত ধর্মীয় আইন পাসের পর তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তাওরে বলেন, যারা উগ্রবাদ প্রচার করবেন তাদের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নতুন ধর্মীয় আইনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই আইনের মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র ফিরিয়ে আনা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন যে, মসজিদের খুতবায় উগ্রবাদ ছড়ালে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হবে।

তবে ইসলামের শান্তির বার্তা প্রচারকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। তার দাবি, বিদেশি শক্তিগুলো ধর্মকে ব্যবহার করে বুরকিনা ফাসোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত মে মাসে সুন্নি ইমাম মোহাম্মদ ইশহাক কিন্দোকে আটকের পর থেকে সামরিক সরকার ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ওগাদোগুর প্রধান সুন্নি মসজিদটিও নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ইমাম কিন্দোর প্রায় ১০০ সমর্থককে আটক করে সামরিক প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এর আগে এপ্রিলে মাহমুদ বারো নামের আরেক ইমামকেও আটক করা হয়েছিল।

গত ২০ জুন পাস হওয়া নতুন আইনে শিশুদের ভিক্ষাবৃত্তি রোধ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। সরকারের দাবি এটি ধর্মনিরপেক্ষতা রক্ষার উদ্যোগ হলেও সমালোচকরা একে নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে দেখছেন।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button