আফ্রিকা

কঙ্গোয় ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা সংক্রমণ, ছড়িয়েছে নতুন প্রদেশে

কিনশাসা, ৩০ জুন – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধির পাশাপাশি ভাইরাসটি এখন নতুন প্রদেশেও ছড়িয়ে পড়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে,

চলমান সংকটের মধ্যে স্থানীয় বাসিন্দাদের অবিশ্বাস এবং চিকিৎসা সরঞ্জামাদির তীব্র অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কঙ্গোতে এ পর্যন্ত ১ হাজার ৩০৭ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭৭ জন।

পূর্বে ভাইরাসটি কেবল ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে সীমাবদ্ধ থাকলেও এখন চতুর্থ প্রদেশ ওত উয়েলেতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে। জানা গেছে, ইতুরির রাজধানী বুনিয়া থেকে এক ব্যক্তি ওত উয়েলে প্রদেশে যাওয়ার পর সেখানে প্রথম সংক্রমণ ঘটে এবং পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

ওত উয়েলে প্রদেশের সাথে দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্ত থাকায় সংক্রমণ অন্য দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহ্যগত অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃতদেহ স্পর্শ করার কারণে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও অনেক পরিবার প্রচলিত নিয়ম মেনে শেষ বিদায় জানাচ্ছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা স্থানীয়দের বাধার সম্মুখীন হচ্ছেন এবং চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনাও ঘটছে।

পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী, ওষুধ এবং দ্রুত শনাক্তকরণ কিটের সংকটে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী কিনশাসাসহ আক্রান্ত প্রদেশগুলোতে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কঙ্গো সরকার।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language