আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা দিবসে অভিবাসী তাড়ানোর হুমকি উগ্রপন্থীদের

প্রিটোরিয়া , ১৮ জুলাই – আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবসে তাঁর নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় চরম সংকটের মুখে পড়েছে মানবিকতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ। যে সাম্যের স্বপ্ন ম্যান্ডেলা আজীবন দেখিয়েছেন, বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট ও বেকারত্বের জাঁতাকলে পিষ্ট দেশটিতে সেই আদর্শই এখন প্রশ্নবিদ্ধ।

ম্যান্ডেলার লড়াইয়ের স্মরণে প্রতি বছর এই দিনে সাধারণ মানুষ ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে ব্যয় করলেও, এবার উগ্রপন্থী একটি গোষ্ঠী এই সময়টিকে অভিবাসী বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের ঘোষণা দিয়েছে।

‘মার্চ অ্যান্ড মার্চ’ নামক উগ্রপন্থী জোটটি জানিয়েছে, তারা এই ৬৭ মিনিটে কোনো জনসেবা নয়, বরং ইস্টার্ন কেপ প্রদেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেবে।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এমবংগিসেনি বুথেলেজি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনসেবার দিনকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন যে, রাষ্ট্রীয় ব্যর্থতার দায় কোনোভাবেই সাধারণ অভিবাসীদের ওপর চাপানো যায় না।

এদিকে ম্যান্ডেলার স্মৃতিধন্য রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা স্নুকি জিকালকালা এই কর্মকাণ্ডকে বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, সীমান্ত সুরক্ষায় সরকারের ব্যর্থতা রয়েছে।

আহমেদ কাথরাদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নীশান বোল্টন আক্ষেপ প্রকাশ করে বলেন, ম্যান্ডেলার বিপ্লবী পরিচয় আজ কর্পোরেট সমাজসেবার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবারের প্রতিপাদ্য হলেও বর্তমানে দেশটিতে অভিবাসীদের সঙ্গে সংঘাতের আশঙ্কাই বড় হয়ে দাঁড়িয়েছে।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button