আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ২১

কেপ টাউন, ১৫ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের একটি মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুটি টয়োটা মিনিবাস ট্যাক্সি ও একটি সুজুকি স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এ ছাড়া অন্তত চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হচ্ছে।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







