আফ্রিকা

কঙ্গোয় ইবোলা পরিস্থিতির ভয়াবহ অবনতি: বেতন না পেয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের হুমকি

কিনশাসা, ১১ জুলাই – ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৭৫৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে।

মহামারির সবচেয়ে ভয়াবহ প্রভাব লক্ষ্য করা গেছে দেশটির পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে। সেখানে বকেয়া বেতন ও ঝুঁকি ভাতা না পাওয়ার প্রতিবাদে স্বাস্থ্যকর্মীসহ প্রাথমিক পর্যায়ের অনেক কর্মী চাকরি ছেড়ে দিচ্ছেন। জাতীয় ও প্রাদেশিক সরকারের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বকেয়া পরিশোধ না হলে ধর্মঘটেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপিকে কয়েকজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন গত ১৫ মে ইবোলার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তারা কোনো বেতন পাননি। পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং ঝুঁকি নিয়ে কাজ করলেও কর্তৃপক্ষ তাদের সঙ্গে অযৌক্তিক আচরণ করছে বলে তারা অভিযোগ করেন।

ইটুরি প্রদেশের রাজধানী বুনিয়ার মহামারি পর্যবেক্ষণ কমিটির সদস্য ডা. বিয়েনসি কানো বলেন যে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকেই কর্মীরা তাদের প্রাপ্য আদায়ের দাবি জানিয়ে আসছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলমান পরিস্থিতির জন্য দায়ী ইবোলার বুনডিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই।

এই ধরনটি তুলনামূলক কম প্রাণঘাতী হলেও কার্যকর প্রতিষেধক না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language