যুক্তরাজ্য

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটেনে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

নজরুল মিন্টো

লন্ডন, ২৯ নভেম্বর – এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের চ্যাথাম শহরের এক ইমামকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত মোহাম্মদ ইসলাম ৫৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। যৌন নিপীড়নের ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ নভেম্বর ইংল্যান্ডের মেইডস্টোন ক্রাউন আদালতে তাঁর সাজা ঘোষণা করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, মেয়েটি তখন শিশু। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সে বারবার যৌন নিপীড়নের শিকার হয়। বহু বছর পর, ২০২৩ সালে, তিনি নিজেই কেন্ট পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগ থেকেই শুরু হয় তদন্ত।

পুলিশের কাছে যাওয়ার পাঁচ বছর আগে, ২০১৮ সালে, মেয়েটি পরিবারের কাছে ঘটনাগুলোর কথা বলেছিলেন। তাঁর কথা শুনে পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। ইসলাম প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে জানাবেন বললে তিনি ক্ষমা চান বলে জানিয়েছেন সাক্ষীরা। মোহাম্মদ ইসলাম চ্যাথাম শহরের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মেয়েটির অভিযোগের পর পুলিশ মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগ আনা হয়।

কারাদণ্ডের পাশাপাশি আদালত মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধের একটি আদেশ (Sexual Harm Prevention Order) জারি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কনর মিডলটন বলেন, নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের কথা পুলিশকে জানাতে অসাধারণ সাহস দেখিয়েছেন ওই নারী। তদন্ত চলাকালেও বিচার চাওয়ার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। ২০১৮ সালে পরিবারের কাছে শৈশবের যে ঘটনাগুলোর কথা তিনি বলেছিলেন, আট বছর পর সেসব ঘটনার বিচারেই কারাদণ্ড হলো মোহাম্মদ ইসলামের।

তথ্যসূত্র: Kent Local News

এনএন/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language