আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি

প্রিটোরিয়া, ২ জুলাই – দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে বাসটি মোট ৭৮ জন যাত্রী নিয়ে ওয়েস্টার্ন কেপের কেপ টাউন থেকে ইস্টার্ন কেপের ইদুত্যুয়া শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি ডেলিভারি ভ্যানের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে উল্টে পড়ে।

রোড ট্র্যাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের মুখপাত্র সাইমন জোয়ানে জানিয়েছেন যে প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে তদন্ত শেষে সংখ্যাটি ১৬ জনে দাঁড়িয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে ওরচেস্টার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বাসে থাকা অন্তত ৪৩ জন যাত্রী কোনো চিকিৎসা সেবা নিতে রাজি হননি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ট্র্যাফিক বিভাগ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে।

শীতকালীন আবহাওয়ায় ঘন কুয়াশা ও প্রতিকূল পরিস্থিতির কারণে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language