আফ্রিকা

নাইজেরিয়ায় অবৈধভাবে তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

বিষাক্ত গ্যাস

আবুজা, ৪ সেপ্টেম্বর – নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে একটি অবৈধ তেল নিষ্কাশন অভিযান পরিচালনা করার সময় বিষাক্ত গ্যাস ও ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে অকরিকা এলাকার ওকারি জেটিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

একটি জাহাজ থেকে পেট্রোলিয়াম পণ্য চুরির চেষ্টা চালাতে গিয়ে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, অকরিকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে দুই শতাধিক যুবক কাঠের নৌকায় করে ওই এলাকায় জড়ো হন। তারা পাইপলাইনের একটি অবৈধ সংযোগ থেকে তেল সংগ্রহের চেষ্টা করছিলেন।

তবে নৌকায় তেল ভরার সময় হঠাৎ নির্গত তীব্র বিষাক্ত ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। এই শ্বাসরুদ্ধকর অবস্থায় অনেকে নদীতে পড়ে ডুবে যান এবং বেশ কয়েকজন নিখোঁজ হন। পুলিশের মুখপাত্র ব্লেনসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে ইউথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার নামের একটি মানবাধিকার সংস্থা এই দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, একটি পাইপলাইনের উচ্চচাপের সংযোগস্থলে অবৈধ পাইপ যুক্ত করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসায় তাৎক্ষণিকভাবে অনেকের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের নদীতে বেশ কয়েকজনের মরদেহ ভাসতে দেখা গেছে। নাইজেরিয়ার তেলসমৃদ্ধ বদ্বীপ অঞ্চলে অবৈধভাবে তেল সংগ্রহ ও চোরাচালানের ঝুঁকি আবারও এই ঘটনার মাধ্যমে সামনে এল।

সাম্প্রতিক সময়ে দেশটিতে অপরিশোধিত তেল চুরি এবং অবৈধ শোধনাগারের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। গত এপ্রিলেও বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে ১০টি অবৈধ শোধনাগার ধ্বংস এবং বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করেছিল সেনাবাহিনী।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button