জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

ঢাকা, ৪ সেপ্টেম্বর – বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া এবং দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেছেন।

সেই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও এদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন। পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণ উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button